Saturday, 26 September 2026

78.বামের ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতির কিছু নিদর্শন -8: কানন নাথ মজুমদার

 অবশ্য এগুলো হলো অপেক্ষাকৃত আধুনিক কালের,লেখা পড়া জানা মানুষের রচনা । তবে অনেক আগে, যখন এতদঞ্চলে লেখা পড়ার তেমন প্রচলন ছিলনা , তখন  ও তো এ অঞ্চলের কাব্য প্রতিভা  ছিলো চোখে পড়ার মতো । মানুষের কাব্য প্রতিভার সহায়ক হিসেবে কাজ করেছিলো তাঁদের বিচক্ষনতা,দূরদরশিতা আর অভিজ্ঞতা লব্ধ জ্ঞান । স্বল্প কথায়ও যে অনেক কিছু বলা যায়,মনের  ভাব ব্যক্ত করা যায়,তার প্রমাণ রেখে গেছেন এখানকার প্রবাদ আর প্রবচন  রচয়িতারা ।নিজের কথ্য ভাষাতেই নিজের উপলব্ধি তথা  কাব্যপ্রতিভার সাক্ষর রেখে গেছেন  তাঁরা । আজ  তাঁরা হারিয়ে গেছেন কালের স্রোতে ,কিন্তু  তাঁদের অমূল্য রচনা আজও বেঁচে আছে  বাম কাছাড়ের ঘরে ঘরে ,মানুষের মুখে মুখে ।সুদূর অতীতে রচিত  এরকমই কিছু প্রবাদ ও প্রবচন এখানে তুলে ধরা হলো –

১।ইজ্জত যায়না ধৈলে আর খাসলত যায়না মৈলে।

২।কুকুরর লেঞ্জ ঘি দিয়া  মাঞ্জিলে ও সিধা অয় না ।

দুটো প্রবাদের অর্থ একই ।অর্থাৎ হাজার চেষ্টা করলেও যার যে স্বভাব (খারাপ অর্থে ) তা বদলানো যায় না ।

৩।আওরর মাঝে হিয়াল রাজা-যেখানে যোগ্য ব্যক্তির অভাব সেখানে অযোগ্যরাই  সদম্ভে মুন্সিয়ানা দেখায় ।

৪।আগুইনে হিজেনা আর পানিয়ে  বুড়ে  না- অসংলগ্ন ও অনুপযুক্ত কিছু কথা বা ব্যবহার  যেটার কোনও মূল্য নাই ।

৫।আ-জানডার আটু পানিত হাতার- কোনও বিষয়ের ব্যাপারে জ্ঞান নাথাকলে সহজ কাজও কঠিন মনে হয় ।

৬।আট আনার বন কাম বারো আনার আফিম    -

৭।খাজনা তনে বাজনা ডাঁট -দুটোর অর্থ এক । সামান্য লাভের আশায় বিরাট ক্ষতির সম্মুখীন হওয়া ।

৮।আত্তি যাইতে দেখেনা ,ছুই যাইতে দেখে-বিরাট অংকের খরচ করতে পিচ-পা হয় না,কিন্তু সময় বিশেষে অতি সামান্য খরচ করতে  রাজী নয় ।বা বড় বড় বিষয়কে উপেক্ষা করলেও  ছোট ছোট ঘটনাকে নিয়ে  তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলে ।

৯।ঘরো নাই চাউল ভাজা,রোজ করইন লক্ষিপুজা- আড়ম্বর করে লোক দেখিয়ে নিজেকে  মস্ত ধনী প্রমাণ করতে  চাইলেও আসলে অতি দরিদ্র ।

১০।আত্তি ঘুড়া তল অইলা ,তাইন দেখি নয়া আইলা- কোনও কাজ অনেকের চেষ্টাতে ও সফল না হলে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে । তাই  সক্ষম কেউ এলেও তাকে  বিশ্বাস করতে চায় না ।

১১।আ-তে মারা নায় ,ভাতে মারা-কৌশলে কাউকে জব্দ করা ।

১২।আম ও নাই,বাড়ল ও নাই-কোনও কাজ হাসিল করার জন্য  নানা কৌশল অবলম্বন  করেও ব্যর্থ হওয়া । অর্থাৎ মূল কাজটিতো হয়নি,অধিকন্তু কৌশল আবলম্বনের খাটনিটাও বৃথা যায় ।

১৩।এক মাঘে শীত যায় না -সুযোগ শুধু একজনের  নয় ,অন্য জনের জন্য ও আসে ।

১৪।কমিন্দে লাথ খায় , চাইরবায় কইয়া যায় , ভাল মানসে লাথ খায় ,চাইর বায় চাইয়া  যায়- যারা আত্মসম্মানের কথা চিন্তা করে  তারা  নিজেদের অপমানের কথাটা গোপন  রাখে,কিন্তু  যাদের আত্মসম্মানবোধ নেই তারা  নিজের অসম্মানের প্রচার করতে  কুন্ঠাবোধ করে না ।

১৫। কাবু পাইলে বেঙেও ঠ্যাং দেখায়-নীচু মানসিকতার মানুষেরা  সময়বিশেষে সম্মানিত ব্যক্তিকেও অসম্মান করতে ছাড়েনা ।

১৬।গাতো হামায়না উন্দুর, লেঙ্গুড়ো বানছে কোলা- অসংখ্য  সমস্যার  মধ্যে  আরও সমস্যা বাড়িয়ে তোলা ।

১৭।গাছো তুলিয়া তলে তনে মই হরানি- উস্কানি দিয়ে  কোনও কাজে  লাগিয়ে ,ফাঁসিয়ে দিয়ে পরে  দূরে সরে যাওয়া ।

১৮।ঘাট পারইলে খেওয়ানি কার হালা- বিপদে  হাতেপায়ে ধরে সাহায্য নেয় ,কিন্তু পরে তা মনে রাখেনা ।

১৯।চুরে চুরে আলি,এক চুরে বিয়া  করে আরেক চুরর হালি-অসৎ ব্যক্তিরা  এক জোট হয়ে একে অপরকে সাহায্য করে ।

২০।জামাইর কামাই খায় বেটিয়ে হাসিয়া খুসিয়া,পুয়ার কামাই খায় বেটিয়ে কান্দিয়া কুটিয়া-স্বামীর উপার্জনে যতটা অধিকার থাকে  ,পুত্রের উপার্জনে অনেকের সেই অধিকার থাকে না ।

২১।মুই আইলু আতকা,মোরে কয় ভাত খা- কিছু বুঝে উঠার আগেই  কাউকে কাজে লাগিয়ে দেওয়া ।

২২। কানা গরু তাকি খালি  গোয়াল ভালা-উটকো ঝামেলা এড়িয়ে যাওয়া ভাল।

২৩।চুল নাই বেটিয়ে  চুলর লাগি কান্দে ,কচুপাতা দিয়া  বেটিয়ে  উচ্চা খুপা বান্ধে – সাধ থাকলেও সাধ্য না থাকায়  কৃ্ত্রিমতার আশ্রয় লওয়া ।

২৪।রাজার লাগি রাণী  পেচার লাগি পেচী-উপযুক্ত কাজ বা সঙ্গী স্বস্তিদায়ক ।

২৫।মশারীর ভিত্রর কিল-প্রকাশ্যে ভালোমানুষী  দেখানো হলেও লোকচক্ষুর অন্তরালে অত্যাচার।

 ………………………………………………………………………………………………….

লেখক পরিচিতিঃ-

কানন নাথ মজুমদারঃবরাক উপত্যকার বিভিন্ন পত্র পত্রিকা ,নানা সরকারী ও বেসরকারী সংস্থার প্রকাশিত  স্মরনিকা,”শারদীয়া শ্রীহট্ট জ্যোতি”  “বার্ষিক কাত্যায়নী” প্রভৃতিতে লেখা ছাড়াও  কলকাতা থেকে প্রকাশিত  “নব যুগান্তর” এবং নদীয়া থেকে প্রকাশিত “বঙ্গদেশ” নামক লিটল ম্যগাজিনের  বিভিন্ন সংখ্যার নিয়মিত লেখিকা ।এ ছাড়াও “ বৈজয়ন্তি “  শীর্ষক শারদীয় ম্যগাজিনের সম্পাদনা করে  যথেষ্ট সুনাম  অর্জন করেন ।তাঁর লেখা উপন্যাস “ মানুষ মানুষের জন্য” বিদগ্ধ সমাজে উচ্চ প্রশংসিত ।

 

 

No comments:

Post a Comment