Sunday, 24 May 2026

1.বামের ভৌগোলিক অবস্থান

বামের ভৌগোলিক অবস্থান ভারতীয় গণতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম প্রধান রাজ্য অসম। অসম রাজ্যের দক্ষিণ ভাগে রয়েছে ঐতিহ্যবাহী কাছাড় জেলা। সময়ে সময়ে কাছাড় জেলার আয়তন বদল হয়েছে। বর্তমান কাছাড় জেলা (২০২৫ খ্রিঃ) শিলচর মহকুমা ও লক্ষীপুর মহকুমার প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ। এর আয়তন ৩৭৭৬ বর্গ কিঃমিঃ জুড়ে পরিব্যাপ্ত।।এই জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে এক বিশেষ এলাকাকে ‘বাম’ অঞ্চল বলে অভিহিত করা হয়। এলাকাটি অনেকগুলি গ্রামের এক সামগ্ৰীক নাম বলা যায়। এলাকার আনুমানিক আয়তন ২৮১.৮৭ বর্গ কিঃমিঃ। শিলচর-ভাগাবাজার-আইজলগামী ৩০৬ নং জাতীয় সড়কে শিলচর শহর থেকে ২৩ কিঃমিঃ দক্ষিণে রামপ্রসাদপুর গ্রাম(২৪.৬১৩১৯ উঃ এবং ৯২.৮৪৬৭৪ পঃ স্থানাক্ষ) থেকে দক্ষিণে মিজোরাম রাজ্যের সীমানা অবধি ‘বাম’ বিস্তারিত। রামপ্রসাদপুর গ্রামের সাথে বামের উত্তর সীমান্তে রয়েছে ,দুলাল্গ্রাম ও সুখতলা নামক জনপদগুলি। পশ্চিমদিকে রয়েছে হাইলাকান্দির পূর্ব সীমানা বরাবর প্রাকৃতিক প্রাচীর সম ১৩ কিঃমিঃ দীর্ঘ রেংটি পাহাড়। কাছাড়ের ২0 কিমি বিস্তৃত দক্ষিণ সীমান্তে রয়েছে মিজোরামের গভীর অরণ্য,পূর্ব সীমান্তে রয়েছে ১৮কিঃমিঃ দীর্ঘ ও প্রায় ১০ কিঃ মিঃ প্রশস্ত বরাক ও সোনাই নদীর মধ্যবর্তী জনবসতিবিহীন সংরক্ষিত বরাক ভুবন বন্যপ্রাণী অভয়ারণ্য । বর্ণিত এই চতুঃসীমার মাঝখানে থাকা বনজঙ্গল ঘেরা বিশেষ এলাকাটি ‘বাম’। এলাকাটি কোনও প্রশাসনিক মানচিত্র দ্বারা চিহ্নিত নয় বলে এর সরাসরি কোনও নাম সরকারি নথি পত্রে পাওয়া যাবে না। তবে সোনাই রাজস্বচক্র (Circle) ডেভিডসোনাবাদ পরগনায় অঞ্চলটি পড়ে। আবার নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন ৫৪.২৩শতাংশ ওপালংঘাট উন্নয়ন খণ্ডের ৬.৪৭শতাংশ অঞ্চল বাম এলাকায় রয়েছে। ছোট-বড় সব শুদ্ধ ৪৫ টি রাজস্বগ্রাম বা মৌজা এবং ৩৫ টি ফরেষ্ট ভিলেজ নিয়ে বাম এলাকার বিস্তার বলা যায়। কাছাড় জেলার মোট সমতল ভাগের ৩.৩৮ শতাংশ অঞ্চল নিয়ে ‘বাম’ এলাকা গড়ে উঠেছে। বর্তমান ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায়— ১) ধলাই গাঁও পঞ্চায়েত, ২) ভাগাবাজার গাঁও পঞ্চায়েত, ৩) সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত, ৪) চান্নিঘাট গাঁও পঞ্চায়েত, ৫) রাজনগর গাঁও পঞ্চায়েত, ৬) জামালপুর গাঁও পঞ্চায়েত, ৭) শেওড়ারতল গাঁও পঞ্চায়েত, ৮) জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত নিয়ে বাম গঠিত। এই গাঁও পঞ্চায়েতগুলো নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীনে পড়ে। তাছাড়া পালংঘাট উন্নয়ন খণ্ড এলাকার আরও তিনটি গাঁও পঞ্চায়েত-রুকনি,ভূবনডর ও মনিয়ারখাল গাঁও পঞ্চায়েতের ছয়টি‘ গ্রাম ও বাম’ নামক ঐতিহ্যবাহী অঞ্চলের পরিচয় বহন করছে।কেউ কেউ মনে করেন যে রামপ্রসাদপুর সংলগ্ন পানিভরা গ্রামও বামের অন্তর্ভুক্ত ।অর্থাৎ কাছাড় জেলার দক্ষিণাংশের ১১ টি গাঁও পঞ্চায়েত এলাকা জুড়ে ইতিহাস প্রসিদ্ধ বামের অবস্থান বলা যায় ৷ সরকারের প্রস্তাবিত উপজিলা সমূহ গঠিত হলে ধলাই বাজার উপজিলার সদর দপ্তর রূপে পরিগণিত হতে পারে যা প্রশাসনিক দিক দিয়ে হবে একনতুন প্রাপ্তির আশা করা যায়।