Friday, 9 October 2026

88.দক্ষিণ আসামের ‘বাম’ অঞ্চলের কিছু লুপ্তপ্রায় খেলা -4 :দেবতোষ নাথ

 

   আরেকটি মজার খেলা, যেখানে ছেলে-মেয়ে সবাই এক জায়গায় চক্রাকারে বসে হাতের আঙ্গুল সোজা রেখে মাটিতে রাখে। তারপর একটির পর একটি হাতের পৃষ্ঠদেশে কিল মেরে মেরে ছড়া আওড়ানো হয়, -

            আড়কি শিছইন, দাড়কি পিছইন /

            রাজার ঘরো কুকুড়ি / মোরে দিলা বাকুড়ি /

            এর পা সের পা, রাজায় কইচইন /

            কাটিতা কুটিতা / দলোর তলো কুয়াইতা /

            দল দুল ভাঙিয়া / বুম্বাই মাত্তম / থেং থেঙ্গা ।

       এই  'থেঙ্গা' শব্দটির সাথে যার হাতে কিল পড়বে, সে হাত সরিয়ে নিয়ে পেছন দিকে লুকিয়ে রাখবে। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকের হাত লুকানোর পালা শেষ হলে তাদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব চলবে, -

           ও ছুড়ি তর আত কানো?     চিলে নিছে । 

           চিল কানো  ?                       বা-বনো  ।

           বা-বন কানো ?                     

       শেষ প্রশ্নটির উত্তর না দিয়ে সবাই তখন হাত বের করে দেখাতে থাকবে। 

       কতটা পুরোনো বলতে পারবো না, তবে প্রায় এ রকমই  আরেকটা ছোট বাচ্চাদের খেলা, সাধারণত বাচ্চারা 'আঙ্গুল আঙ্গুল খেলা' বলে থাকে, - এখনো কোথাও কোথাও বাচ্চাদের খেলতে দেখা যায়। খেলাটি দু'হাতের আঙ্গুল গুণে গুণে করা হয়। যতজন খুশি একসাথে খেলা যায়। আঙ্গুল গুণতে গিয়ে যে ছড়াটি বলা হয়, তা এরূপ, -

               আঙ্গুল আঙ্গুল তাড়াতাড়ি 

               ইস্টিশনে মিষ্টি ফুল, 

               সাধুবাগানে গোলাপ ফুল ।

         এ রকম অনেক গ্রাম্য খেলা আছে, যেগুলো থেকে একদিকে যেমন ছড়ার আনন্দ লাভ করা যায়, তেমনি তৎকালীন সমাজ-জীবনের টুকরো ছবিও ফুটে ওঠে। যেমন, রেলগাড়ি খেলাটির এই ছড়া, -

         এপ্রেনটি ভাসকর / লাইবেরী ঠেসকর /

         সুলতানা বিবিয়ানা / সাহেব বাদূর বৈঠকখানা /

          সাহেব বলে কে হে / পান সুপারি এনে দে /

          পানের আটা মরিচ বাটা /

         ইস্কাবনের ছবি আকা / আমার নাম রেণুবালা  /

          গলায় পরি হিরণমালা, - ঘোমটা। 

     এই খেলায় দু'জন সামনাসামনি দাঁড়িয়ে দু'হাত তোলে একে অপরের হাত ধরে একটি তোরণের মতো বানাবে। বাকি খেলোয়াড়রা একে অপরের কাঁধে হাত রেখে রেলগাড়ির মতো সারি বেধে লম্বা লাইন করে ছড়া কাটতে কাটতে তোরণটির নিচ দিয়ে যাওয়া আসা করবে। ছড়াটির শেষ শব্দ অর্থাত 'ঘোমটা' উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে লাইনের যে খেলোয়াড় তোরণের মধ্যে থাকবে, তাকে আটক করা হবে এবং জিজ্ঞেস করা হবে সে কোন দলে যোগ দেবে। তখন সে তার পছন্দমতো দল বেছে নিতে পারবে। এভাবে এই খেলাটি অন্য কোন খেলার জন্য দল গঠনের উদ্দেশ্যেও করা হয়। আবার কখনো কখনো শেষ পর্যন্ত যে টিকে থাকবে, তাকেই বিজয়ী ঘোষণা করে খেলা শেষ করা হয়। 

       স্থানভেদে ছড়াটির পাঠান্তর আছে। যেমন, শেষের কয়েকটি লাইন কোথাও কোথাও এভাবেও পাওয়া যায়, -

             সাহেব বলে যাইতে / পান সুপারি খাইতে /

             পানের আটা মরিচ বাটা / 

             ইস্পিরিং-এর চাবি আটা /

             যার নাম রেণুবালা /তারে দিমু মুক্তার মালা ।

        ফুলটুকা বা টুকাটুকি খেলাটিও বেশ মজার খেলা। এই খেলায় দু'টি দলের প্রয়োজন। একদলের দলপতি তার দলের খেলোয়াড়দের হয়তো নানা রকম ফুলের নামে নামকরণ করবে, তেমনি অন্য দলপতি তার দলের খেলোয়াড়দের নামকরণ করবে হয়তো বিভিন্ন ফলের নামানুসারে। অনেক সময় আবার শুধু ফুলের নাম দিয়েই উভয় দলের সদস্যদের নামকরণ করা হয়। তারপর দু'দল মুখোমুখি বসার পর একদলের দলপতি প্রতিযোগী দলের একজন খেলোয়াড়ের দু'চোখ হাত দিয়ে চেপে ধরে তার দেওয়া নাম নিয়ে 'আয়রে আমার টগরফুল', বা 'আয়রে আমার কদমফুল' ইত্যাদি বলে নিজের দলের একজনকে ডাকবে। সেই টগরফুল বা কদমফুল নামের খেলোয়াড়টি এসে চোখে ধরা খেলোয়াড়টির কপালে হালকা করে টোকা দিয়ে নিজের স্থানে গিয়ে অন্যদের মতো মাথা নিচু করে বসে থাকবে। চোখ খোলার পর যদি খেলোয়াড়টি বলে দিতে পারে যে কোন খেলোয়াড়টি তাকে টোকা দিয়েছে, তা হলে সে লাফ দিয়ে একধাপ এগিয়ে যাবে। এভাবে শেষ পর্যন্ত যে দলের খেলোয়াড় শেষ ধাপ অতিক্রম করতে পারবে, সে দলই বিজয়ী ঘোষিত হবে। অনেকে খেলাটিকে গোলাপ-টগর, আবার অনেকে টগর-টগর খেলাও বলে থাকেন। 

……………………………………………………………………………

No comments:

Post a Comment